১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হত্যা মামলায় জামিন মেলেনি বিচারপতি খায়রুল হকের

এ মামলায় জামিন না হওয়ায় তিনি আপতত কারামুক্ত হতে পারছেন না, বলে আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2026, 06:12 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পি এ আদেশ দিয়েছেন।

এ মামলায় জামিন না হওয়ায় খায়রুল হক আপতত কারামুক্ত হতে পারছেন না, বলেছেন তার আইনজীবী মোনায়েন নবী শাহীন।

গেল ২৩ মে খায়রুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার বিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সি খোবাইব। 

যাত্রাবাড়ী ফুটব্রিজের নিচে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ অবস্থান চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অতর্কিত গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে খোবাইব ঘটনাস্থলেই মারা যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ৮০ জনকে আসামি করে মামলা করেন।

রোববার এ মামলায় খায়রুল হকের জামিন শুনানি করেন তার আইনজীবী মোনায়েন নবী শাহীন। 

শুনানি শেষে আদালত জামিন আবেদন তবে আদালত জামিন আবেদন নাকচ করে দেয় বলে জানিয়েছেন এই আইনজীবী।

গেল বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিন রাতেই তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুই হত্যা মামলায় খায়রুল হককে হাই কোর্টের দেওয়া জামিন গত ২০ মে বহাল রাখে আপিল বিভাগের চেম্বার আদালত। এর আগে আরো পাঁচ মামলায় তার জামিন বহাল রাখে আপিল বিভাগ।