১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 01:39 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান।

এ মামলায় আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখাতে গত ১৯ অক্টোবর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিল। 

সেই মোতাবেক রোববার সকাল ৯টার দিকে আতিককে ইসলামকে আদালতে হাজির করা হয়। পৌনে ১০টার দিকে তাকে এজলাসে তোলা হয়। পরে শুনানি নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

এদিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের সাথে কথা বলেন আতিকুল ইসলাম।

আদালত থেকে বেরিয়ে মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, “সাবেক মেয়র আতিকের আমার সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেল হাজতে রেখে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে তার সাথে। 

“তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায় বিচার হলে এসব মামলায় উনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।”

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকাল পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 

এ ঘটনায় গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন তার ছেলে রেদোয়ান হোসেন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়; নেওয়া হয় রিমান্ডে।