Published : 27 Jul 2025, 11:20 PM
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সাবেক অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
একই সঙ্গে অতিরিক্ত ডিআইজি থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যন্ত আরও ১৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে তাদের কর্মস্থল পরিবর্তন করা হয়।
অতিরিক্ত আইজিপি আবু হাসান সবশেষ মিরপুর পুলিশ স্টাফ কলেজের রেক্টর ছিলেন। তাকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুক্ত করে ওএসডি করা হয়েছে।
বিসিএস দ্বাদশ ব্যাচের এই কর্মকর্তা ২০২২ সালের ১৭ জানুয়ারি অতিরিক্ত আইজিপি হন। পরের মাসে তাকে রাজশাহীর সারদায় অবস্থিত পুলিশ একাডেমির অধ্যক্ষ করা হয়। পটপরিবর্তনের পর ২০২৪ সালের ডিসেম্বরে তাকে সারদা থেকে সরিয়ে ঢাকার মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টরে দায়িত্ব দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে আরও ১৭ কর্মকর্তার দায়িত্বে বদল আনা হয়।
তারা হলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ সদরদপ্তরে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামান ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আজিজুল ইসলাম ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌপুলিশে, শিল্পাঞ্চল পুলিশের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশ, পুলিশ সদরদপ্তরের সংযুক্ত এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির ডিসি হিসেবে, পুলিশ সদরে সংযুক্ত আরেক এসপি মুহাম্মদ রহমত উল্লাহকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদরে সংযুক্ত এসপি মোহাম্মদ মোর্শেদ আলমকে ডিএমপির ডিসি হিসেবে, টাঙ্গাইল পিটিসির এসপি মোহাম্মদ সাহেদ মিয়াকে সিআইডিতে, পুলিশ সদরে সংযুক্ত এসপি মো. জিয়াউদ্দিন আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. আবু তারেককে সিআইডির এসপি, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত এসপি (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. জহুরুল হককে পিবিআইতে, পুলিশ সদরের অতিরিক্ত এসপি (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম মনিরুল ইসলামকে পিবিআইতে এবং ময়মনসিংহের অতিরিক্ত এসপি (সুপারনিউমারারি এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফাল্গুনী নন্দীকে এপিবিএনে বদলি করা হয়।
অপরদিকে আরেক প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদরের অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং এসপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।