Published : 09 Sep 2024, 07:10 PM
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ছয় জন উপদেষ্টা, দুজন পিয়ন এবং একজন পাচকের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার ডিএনসিসির এটি অফিস আদেশে তাদের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ অনুযায়ী নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নের নিয়োগ ১৯ অগাস্ট থেকে বাতিল করা হলো।”
২০২২ সালের ৯ নভেম্বর নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহম্মেদ, নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালমা এ শফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাসারকে উপদেষ্টা নিয়োগ দেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।
একইভাবে ২০২৩ সালের ১৮ এপ্রিল ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খানকে উপদেষ্টা করা হয়।
উপদেষ্টারা ডিএনসিসি থেকে কোনো ধরনের সম্মানি বা আর্থিক সুবিধা পেতেন না।
এছাড়া ২০২৩ সালের ১ অক্টোবর সাইদুল ইসলামকে কুক এবং মো. আশিকুর রহমান ও মো. সাইফুল ইসলামকে পিয়ন হিসেবে নিয়োগ দেন তৎকালীন মেয়র।
তীব্র ছাত্র-গণ আন্দোলনের পর গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
ক্ষমতার পালাবদলে ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। মেয়র মো. আতিকুল ইসলামও তার পদ হারান।