১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে নায়িকা ববির জামিন

মামলায় অভিযোগ করা হয় যে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 04:22 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

ইটুই সলিউশনস লি. নামের একটি কোম্পানি থেকে ৬ লাখার ব্যাটারি কিনে টাকা না দিয়ে অভিযোগে গুলশান থানার 

প্রতারণার মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে বুধবার জামিন চান ববি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেয়।

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার জামিনের এই তথ্য নিশ্চিত করেন।

গেল ১২ জুলাই ইটুই সলিউশনস লি. এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন, বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলায় অভিযোগ করা হয়, গেল বছরের ১২ নভেম্বর বিকেল ৬ টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লি. এর যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

“তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১ টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দেবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে মামলায় অভিযোগ করেন।”