১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভ্যুত্থানে নিহত যুবকের লাশ ১০ মাস পর উত্তোলন

ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় ৫ অগাস্ট গুলিতে নিহত হয়েছিলেন ওই যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

জুলাই গণ অভ্যুত্থানে ঢাকায় নিহত এক যুবকের লাশ ১০ মাস পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রামে কবর থেকে তোলা হয়েছে।

বুধবার বোয়ালখালীর আকুবদণ্ডী এলাকায় পারিবারিক কবরস্থান থেকে ওমর বিন নুরুল আবছার নামে ২২ বছর বয়সি এ যুবকের লাশ তুলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমর গত ৫ অগাস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। ওইসময় পরিস্থিতির কারণে সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যরা লাশ চট্টগ্রামে নিয়ে এসে দাফন করেন। 

“এ ঘটনায় ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলার তদন্তের জন্য আদালত ওমর বিন নুরুল আবছারের লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের আদেশ দেয়।”

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পুনরায় দাফন করা হবে।

মামলার তথ্য অনুযায়ী, ওমর গত ৫ অগাস্ট সরকার পতনের দিন বিকালে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় গুলিতে আহত হন। রাতে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ২১ অগাস্ট ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি আদালত লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের আদেশ দেয়।