২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খাতা মূল্যায়নে ‘অবহেলা’, রাঙ্গাবালীতে প্রভাষক বরখাস্ত

কয়েকজন কলেজছাত্র এইচএস‌সির উত্তরপত্র ভরাট করছে— এমন ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন প্রভাষক রিপন হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 07:15 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি বিএমটি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার অভিযোগে পটুয়াখালীর এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ওই প্রভাষকের নাম মো. রিপন হোসেন। তিনি রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বাংলার শিক্ষক।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বুধবার তার বরখাস্তের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 

গত ৩ অগাস্ট রিপন হোসেনকে বরখাস্ত করে অফিস আদেশ জারি করা হয়। 

পটুয়াখালীতে কয়েকজন কলেজছাত্র এইচএস‌সি পরীক্ষার উত্তরপত্র ভরাট করছে— এমন এক ভিডিও সোমবার ফেইসবুকে ছড়িয়ে পড়ে।  

ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ধারণ করা ওই ভি‌ডিওতে দেখা যায়, কলেজের একাদশ শ্রেণির কয়েক শিক্ষার্থী একটি শ্রেণিকক্ষে বসে এইচএস‌সি পরীক্ষার উত্তরপত্র ভরাট করছে।‌ 

তাদের বলতে শোনা যায়, কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. রিপন হোসেন তাদের উত্তরপত্রের খা‌লি ঘর ভরাট করতে বলেছেন।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নজরে আসা মাত্রই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। নির্দেশনার পর ৩ অগাস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।