১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএসসির বহরে যোগ হচ্ছে ‘বাংলার প্রগতি’, ‘বাংলার নবযাত্রা’

প্রথম জাহাজটি অক্টোবরে এবং দ্বিতীয় জাহাজটি ডিসেম্বরে হস্তান্তর হওয়ার কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 12:05 AM

Updated : 26 Aug 2026, 02:20 PM

প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে কেনা দুটি সমুদ্রগামী জাহাজ হাতে পেতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

চীনে তৈরি হওয়া জাহাজ দুটি সরবরাহ করছে যুক্তরাষ্ট্রের কোম্পানি হেলনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস।

সরকারি সব ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রোববার রাতে হেলনিকের সঙ্গে সরবরাহ চুক্তি করেছে শিপিং করপোরেশন। 

‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’ নামে জাহাজ দুটি চলতি বছরেই বিএসসির বহরে যুক্ত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। 

জাহাজ দুটি কিনতে ব্যয় হচ্ছে ৭ কোটি ৬৬ লাখ ৯৮ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি টাকার মতো। জাহাজ দুটি থেকে বছরে ১৫০ কোটি টাকা আয় হবে বলে আশা করছে বিএসইসি।

ঢাকার হোটেল ইন্টারকন্টিলেন্টালে চুক্তি সই অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, “দেশের ইতিহাসে এবারই প্রথম বিএসসির নিজস্ব অর্থায়নে জাহাজ কেনা হচ্ছে। নিঃসন্দেহে দেশের শিপিং ইন্ডাস্ট্রিতে এটি একটি যুগান্তকারী মাইলফলক। 

“নতুন দুই জাহাজ বিএসসিতে যুক্ত হলে বছরে ১৫০ কোটি টাকা আয় বাড়বে। বিএসসির নিজস্ব পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্র বাণিজ্যে একটি উল্লেখযোগ্য সংযোজন হবে। বিশ্ব দরবারে বাংলাদেশ পরিবেশবান্ধব গ্রিন শিপিংয়ের সম্মান অর্জন করবে।”

বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে পণ্য আনা-নেওয়া করছে। নতুন দুটি জাহাজ বহরে যুক্ত হওয়ার পাশাপাশি আরও তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শিপিং করপোরেশনের বলছে, জাহাজে উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। জার্মান লাইসেন্সে জাহাজগুলো চীনে উৎপাদন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে স্পেনের পাম্প ও নরওয়ের কম্প্রেসার।

প্রথম জাহাজটি আগামী অক্টোবরে এবং দ্বিতীয় জাহাজটি ডিসেম্বরে বিএসসিকে হস্তান্তর করার কথা।