১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো গাউন থেকে মুক্তি

নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।

অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো গাউন থেকে মুক্তি
এমন পোশাকে আদালতের কাজে অংশ নিতে হয় আইনজীবীদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারক ও আইনজীবীদের পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। 

এখন থেকে মামলা পরিচালনাকালে আইনজীবীদের কালো কোট ও গাউন এবং বিচারকদের গাউন পরিধান করতে হবে না।

প্রধান বিচারপতির আদেশে হাই কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিচারক পরিধেয় পোশাকের বিষয়ে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, “দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত / ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারকবৃন্দ কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড পরিধান করবেন, সেক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।”

অন্যদিকে আইনজীবীদের পোশাকের নিয়ম শিথিল করে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, “বিজ্ঞ আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড / কালো টাই পরিধান করবেন, সেক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।”

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।