১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুলাই আন্দোলনে ১১ স্কাউটের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে থাকবে: শিক্ষা উপদেষ্টা

“আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি বাড়ানো জরুরি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 07:20 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

জুলাই আন্দোলনে ১১ স্কাউট সদস্যের ‘আত্মত্যাগ’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। 

শনিবার ঢাকায় স্কাউটস সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

শিক্ষা উপদেষ্টা স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে বলেন, “স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়, এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ।’’

দুর্যোগ মোকাবেলায় স্কাউটদের অবদান স্বীকার করে তিনি বলেন, “ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড বা যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে প্রথম সারিতে থাকেন স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।

"বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছে—এটি আমাদের গর্ব। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত।”