১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে আহতদের হামলা

ভিডিওতে একজন বলছেন, “তালাডা খোল, তালাডা খোল, এই লাডিডা দে তো।”

জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে আহতদের হামলা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে চড়াও গণআন্দোলনে আহতরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলা চালিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

মঙ্গলবারের এ ঘটনায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলছেন, সহায়তার দ্বিতীয় ধাপের টাকা দিতে দেরি হওয়ায় তারা ক্ষিপ্ত হয়েছেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে হামলার একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই মিনিটের বেশি সময়ের ওই ভিডিওতে দেখা যায়, কয়েক যুবক জুলাই ফাউন্ডেশনের কাউকে গালাগালি করছেন।

ভিডিওতে একজন বলছেন, “তালাডা খোল, তালাডা খোল, এই লাডিডা দে তো।”

এ সময় তাকে দরজায় লাথি মারতে দেখা যায়। অন্যরা তাকে আটকে রাখার চেষ্টা করেন। আরেকজন স্ক্র্যাচ নিয়ে দরজায় বাড়ি মারেন।

অপর একজন চেয়ার উঁচিয়ে ধরেন কাউকে মারার জন্য। সেসময় একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমাদের জীবন শেষ’।

আরেকজন বলেন, “তোদের সিইও আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে?”

ঘটনার বিষয়ে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কমকে বলেন, “যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারা দীর্ঘদিন ধরে সহায়তায় দ্বিতীয় ধাপের টাকা চেয়ে আসছেন। কিন্তু তহবিল সংকট থাকায় তাদেরকে এখন সহায়তা দেওয়া যাচ্ছে না।

“আমরা প্রধান উপদেষ্টার তহবিল থেকে ১০০ কোটি টাকা পেয়েছি, পাঁচ কোটি বাংলাদেশ ব্যাংক থেকে, পাঁচ কোটি ব্যক্তিগত তহবিল থেকে পেয়েছি। এর মধ্যে ৮০৫ জন শহীদ পরিবারের মধ্যে ৫ লাখ টাকা, প্রায় সাড়ে ৬ হাজার আহতকে টাকা দেওয়ার পর এখন যে ফান্ড আছে তাতে কোনো অপশনে যেতে পারছি না। এই অপশনে উনি রাগ হবেন, আরেকজন রাগ হবেন।”

কামাল আকবর বলেন, “তহবিল স্বল্পতার মধ্যেও জুলাই ফাউন্ডেশন একটি অগ্রাধিকার তালিকা করেছে। সেখানে যারা গুরুতর অসুস্থ, ফ্যামিলির কাছে বোঝা এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের একটা সহায়তা দেওয়া হবে। কিন্তু এটা করতে কিছুটা সময় লাগছে, এ কারণে জুলাই আহতরা ক্ষিপ্ত হয়েছেন।

“এটা করতে কিছুটা সময় লাগে, নইলে ত্রুটি থেকে যায়। এটার জন্য একটা সময় দিয়েছিলাম, সেই সময় অনুযায়ী কাজটা করতে পারিনি। আজ আবার তিন দিন সময় নিয়েছি। কারণ কতগুলো জায়গায় অ্যাকুরেসি না থাকলে আমি করতে পারি না। ওই সময় নেওয়াতে তারা ক্ষিপ্ত হয়েছেন, রাগের বহিঃপ্রকাশ করেছেন। উনারা যে অবস্থায় আছেন তাতে সেটা করা স্বাভাবিক।”

ছাত্রজনতার গণআন্দোলনে হতাহতদের সহায়তায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।