Published : 11 Mar 2026, 06:39 PM
ডেঙ্গু ও চিকুনগুনিয়া ঠেকাতে আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় প্রশাসন এ কর্মসূচিতে কার্যকর উদ্যোগ নেবে বলে বুধবার দেওয়া এক ভিডিও বার্তায় বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।”
সংসদ সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো গেলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ‘মারণঘাতী জ্বর’ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।”
তারেক রহমান বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সে কারণে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। বর্ষা মৌসুমে সাধারণত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, তবে এখন এটি আর নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং টানা তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার হতে পারে।
এ কারণে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ির ছাদ কিংবা অন্য কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার রাখার কথাও বলেন তিনি।