সেই শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে উপদেষ্টা বশিরউদ্দীন
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানের বাসায় নির্যাতিত শিশুটিকে দেখতে হাসপাতালে গেছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
বুধবার রাতে বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন উপদেষ্টা। শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। শিশুটির বাবাকে কর্মসংস্থান বা চাকরির আশ্বাস দেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিমানের এমডি হুমায়রা সুলতানা, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
বিমানের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানের বাসার শিশু গৃহকর্মীকে গত ৩১ জানুয়ারি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
