১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোক্তা অধিদপ্তরের অভিযান: ব্যবসায়ীদের সহযোগিতা চায় ডিএমপি

ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাধা আসার পরের দিন পুরান ঢাকায় গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমপি কমিশনার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বাধা আসার এক দিন পর শুক্রবার এ সাক্ষাত করলেন তিনি।

এ সময় তিনি বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য ‘নিশ্চিত করতে’ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান। 

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে গেল বুধবার মৌলভীবাজার এলাকায় অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে ভোক্তা অধিকার সংসরক্ষণ অধিদপ্তরের একটি দল। 

একপর্যায়ে ব্যবসায়ীদের বাধার মুখে অভিযান শেষ না করেই ফিরে যান তারা। 

এর একদিন পর শুক্রবার বিকালে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘জরুরি সভায়’ যোগ দেন ডিএমপি কমিশনার।

সভা শেষে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান চালাবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে।”

দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো যাবে না। সবাইকে এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে বুধবার মৌলভীবাজারে একটি অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, ১০ দিনের ব্যবধানে ‘মেসার্স দেওয়ান ট্রেডার্স’ ছোলার দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়েছে।

দাম বাড়ানোর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা পণ্য ‘কেনার মূল্য বেশি’ হওয়ার দাবি করলেও তার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি অভিযান চালানো কর্মকর্তাদের।

একপর্যায়ে ওই দোকানি স্বীকার করেন, পণ্য বাকিতে এনে বিক্রি করেন তারা। মূল্য পরিশোধের সময় ক্যাশমেমো দেওয়া হয়, তাই তারা ক্যাশমেমো দেখাতে পারছেন না।

বিষয়টি ‘আইন পরিপন্থি’ হওয়ায় ভোক্তা অধিদপ্তর ‘মেসার্স দেওয়ান ট্রেডার্সকে’ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় ওখানকার এক ব্যবসায়ী নেতা জরিমানার অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানান এবং ব্যবসায়ীদের জড়ো করে দোকানপাট বন্ধ করার ঘোষণা দেন। ব্যবসায়ীদের হইচইয়ের মুখে ভোক্তা অধিদপ্তরের দলটি ঘটনাস্থল ত্যাগ করে।