Published : 25 Jul 2024, 01:12 AM
নগরবাসীর দুর্ভোগ বাড়াতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনায় হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার ঢাকার মিরপুরে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।
বুধবার সেগুলো পরিদর্শনে গিয়ে মেয়র আতিক বলেন, “ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান, নগরবাসীকে সেবা দেওয়াই আমাদের কাজ। সন্ত্রাসীদের হামলায় এই কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
“আমাদের কাজ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। নগরবাসীকে যেন সেবা দিতে না পারি সন্ত্রাসীরা সেই লক্ষ্য নিয়ে নাশকতা চালিয়েছে ডিএনসিসির বিভিন্ন অফিস ও স্থাপনায়। সন্ত্রাসীরা ডিএনসিসির ৬৭টি গাড়ি ধ্বংস বা ক্ষতি করছে।”
মেয়র বলেন, বর্জ্যবাহী ২৯টি ও কর্মকর্তাদের ব্যবহারের ২১টি পাজেরো জিপ পুড়িয়ে দিয়েছে। ১৭টি গাড়ি ভাঙচুর করেছে। এই গাড়িগুলো নগরবাসীর ট্যাক্সের টাকায় কেনা।
ডিএনসিসির আঞ্চলিক অফিসের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে আসেন স্থানীয় সরকারমন্ত্রী মো.তাজুল ইসলামও।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে।
“শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ যখন উন্নত দেশের পথে ঠিক তখনই দেশবিরোধী অপশক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই অপশক্তি ১৯৭১ সালেও দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা আজ কোমলমতি শিক্ষার্থীদের কোটার গণতান্ত্রিক দাবির আন্দোলনকে পুজি করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে।
“মেট্রোরেলে অগ্নিসংযোগ করায় ঢাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যারা এই নাশকতা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।”
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।