১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত

“প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 02:22 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

ঢাকার মহাখালীর ওয়ারলেস এলাকায় একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০) ।

আহত সুমন পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন।

বনানী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, “আহতরা বর্তমানে চিকিৎসাধীন আছেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।”

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ৮ থেকে ১০ জনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তিনজনকে মারধর করে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

বনানী থানার এসআই মো. জানে আলম বলেন, “প্রাথমিকভাবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না পরে জানা যাবে।”

হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।