হামে শিশুমৃত্যুর দায় কার? ‘পর্যালোচনার’ কথা বললেন প্রধানমন্ত্রী
“প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে,” বলেন তিনি।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সাড়ে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায় কার, সেই প্রশ্নে ‘পর্যালোচনা’ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে সাড়ে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই শিশু।
সংসদে এ তথ্য তুলে ধরে জামালপুর-৩ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, এই মৃত্যুর দায় কার এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে সরকার কী পদক্ষেপ নিয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে বিষয়টি পর্যালোচনা করা হবে।
“পর্যালোচনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা, মজুদ ব্যবস্থাপনা, রোগ নজরদারি, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দেশে হামের টিকাদানের আওতা বাড়াতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
