হেরোইন উদ্ধারের মামলায় ‘মাদক কারবারির’ যাবজ্জীবন
আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
রাজধানীর কাজীপাড়া এলাকায় হেরোইন উদ্ধারের মামলায় আসামি রব মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম সোমবার এ রায় দেন বলে তথ্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রশিদ মোল্লার।
তিনি বলেন, “যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি জামিন নিয়ে বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কাজীপাড়া ওভার ব্রিজের নিচে রাস্তার ওপর আসামিরা মাদক বিক্রি করছে। রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে পালানোর সময় রব মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২২৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়; যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
এ ঘটনায় কাফরুল থানার এএসআই আবু জাহিদ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
২০১৬ সালের ৩১ মার্চ কাফরুল থানার এসআই বায়েজীদ মোস্তফা আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৩ অগাস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলাটির বিচার চলাকালে ৮ সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
