হাসিনার সাক্ষাৎকার: ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
অবিলম্বে ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে অনুরোধ করা হয়েছে।
দিল্লিতে থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় দেশটির এক কূটনীতিককে তলব করেছে ঢাকা।
বুধবার ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে ডেকে নিয়ে অবিলম্বে ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন তাকে মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগে ডেকে ঢাকার বক্তব্য তুলে ধরার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে তাদের কেউ সংবাদমাধ্যমে নাম প্রকাশ করতে রাজি হননি।
এক কর্মকর্তা বলেন, “উপ-হাই কমিশনারকে তলব করে বলা হয়েছে, দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়াটা দুই দেশের সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।”
এজন্য অবিলম্বে তা বন্ধ করতে দেশটিকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
