১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরায় লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

সাঁতার কেটে লেকের মাঝে গেলে এই দুইজন তলিয়ে যান। তখন তাদের সঙ্গীরা উদ্ধার করতে না পেরে তীরে এসে অন্যদের খবর দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

কয়েকজন মিলে রাজধানীর উত্তরার একটি লেকে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে; দেড় ঘণ্টা পর যাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার দুপুর ২টার দিকে ১৪-১৫ বছর বয়সী এই দুইজন উত্তরার ১৬ নম্বর সেক্টরের লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে ফায়ার সর্ভিসের ডুবুরি দল গিয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩টার দিকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

এই দুইজনের মধ্যে একজনের নাম আশরাফুল এবং অপরজনের নাম জেহাদ ওরফে তামিম বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীর বরাতে তুরাগ থানার ওসি শেখ সাদিক বলেন, বেলা ২টার দিকে ১০ নম্বর ব্রিজেরে কাছে লেকে গোসল করতে নামে সমবয়সী পাঁচজন। তারা সাঁতার কেটে লেকের মাঝে গেলে দুইজন তলিয়ে যেতে দেখে অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে কিনারে এসে অন্যদের সহায়তায় পুলিশকে খবর দেয়। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা সফিকুল বলেন, “স্থানীয়ভাবে আমরা জেনেছি এই দুইজনই মিরপুর শহীদ পুলিশ স্মৃতি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।”

লাশগুলো তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

তবে পুলিশ একজনের পরিচয় এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে এখনও কোনো তথ্য দিতে পারেনি।

তুরাগ থানার ওসি বলেন, পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত দুইজনের মধ্যে শুধু আশরাফুলের নাম পাওয়া গেছে। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্বজনরা এসে না পৌঁছানোয় তারা কোনো স্কুলের শিক্ষার্থী সে ব্যাপারেও তথ্য মেলেনি।