১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আবুল বারকাত গ্রেপ্তার

জনতা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে দুদকের একটি মামলায় গ্রেপ্তারের কথা বলেন একজন ডিবি কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অধ্যাপক বারকাতকে গ্রেপ্তারের কথা বলেন তিনি।

পট পরিবর্তনের পর এ বছর ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারকাতকে আসামি করা হয়। 

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত জনতা ব্যাংকে চেয়ারম্যান থাকা অবস্থায় অ্যাননটেক্সের নামে তৈরি পোশাক কোম্পানির ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।

এই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদকেও আসামি করা হয়। অ্যাননটেক্সের কর্মকর্তাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

জমি অতিমূল্যায়ন করে ঋণ জালিয়াতির অভিযোগে করা এই মামলায় বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়।

জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা ‘আত্মসাৎ’: আতিউর ও বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বারকাতকে। 

জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদায় নেন বারকাত। তার সময়ে এক সময় ভালো ব্যাংকের কাতারে থাকা জনতা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।