০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এআই ব্যবহার করে অপপ্রচার হয়েছে: ডিএনসিসি প্রশাসক

উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন এলাকার প্রকৃত অবস্থা দেখতে সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনের আহ্বান জানিয়েছেন শফিকুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 04:56 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে কোরবানির পশুর হাট ছাড়িয়ে মেট্রোরেল স্টেশন এলাকায় পশু রাখার কারণে সেখানকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হয়েছে, তার জবাব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। 

তার দাবি, “কোরবানির পশুর হাটের কারণে উত্তরার মেট্রোরেল এলাকার কিছু গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে আগের চেয়ে আরও সবুজ, সুন্দর ও মনোরম পরিবেশে রূপান্তর করা হয়েছে। 

“কিন্তু সরকার ও সিটি করপোরেশনকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।"

সেখানকার প্রকৃত অবস্থা দেখতে সাংবাদিকদের সরেজমিন পরিদর্শনেরও আহ্বান জানিয়েছেন তিনি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর সিটি করপোরেশন বলেছে, সোমবার রাজধানীর তেজগাঁও পলিটেকনিক খেলার মাঠ ও এর কাছে সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক। 

ঈদ-পরবর্তী ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ইজারা দেওয়া পশুর হাটগুলোতে বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণ কার্যক্রম চলছে বলে তথ্য দেন শফিকুল ইসলাম খান। 

তিনি বলেন, “বিভিন্ন হাট পরিদর্শন করে দেখা গেছে অনেক স্থানে ইতোমধ্যে বর্জ্য ও অবকাঠামো অপসারণ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট স্থানগুলোতেও কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, “ইজারাদাররা দায়িত্ব অনুযায়ী বর্জ্য ও বাঁশের ফ্রেম অপসারণের কাজ করছেন। তবে কোনো ইজারাদার দায়িত্ব পালনে গাফিলতি করলে আইন অনুযায়ী তাদের জামানত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”