১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসন চায় যুক্তরাজ্যও: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাই কমিশনার

“রোহিঙ্গা ইস্যুকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে রাখতে চাই।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 06:00 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সাক্ষাতে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারাহ এ  প্রতিশ্রুতি দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

হাই কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো হল ক্যাম্পের নিরাপত্তা, শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রত্যাবাসন ও ক্যাম্পে মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ। আমরা এসব বিষয়ে কাজ করছি।"

যুক্তরাজ্য এ বিষয়ে একমত জানিয়ে হাই কমিশনার বলেন, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে নিয়মিত বিতর্ক বা আলোচনা হয়। এর মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে রাখতে চাই।

বাংলাদেশের মত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আমরাও বিশ্বাসী, তবে তা নিরাপদ হতে হবে।"

দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা ইস্যু, পুলিশ সংস্কার, অবৈধ ও অনিয়মিত অভিবাসন, সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

যুক্তরাজ্য বাংলাদেশের ‘ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ভিসা প্রতারণা বন্ধ করতে দুদেশের মধ্যে শিগগিরই একটি চুক্তি সই করা হবে। যুক্তরাজ্য চুক্তির একটি খসড়া তৈরি করে পাঠিয়েছে। আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চুক্তিটি স্বাক্ষর করতে চাই।"

হাই কমিশনার এসময় দুদেশের মধ্যে অনিয়মিত অভিবাসন রোধে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজনের গুরুত্বারোপ করেন ।

এ বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞ ও উচ্চ পর্যায়ের মধ্যে দ্রুত একটি ভার্চুয়াল মিটিং আয়োজন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা চান। 

দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও বন্দি প্রত্যর্পণ বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করে।

এছাড়া সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করারও অঙ্গীকার করেন সালাউদ্দিন আহমদ।