১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই নিহত

তার গ্রামের বাড়ি নেত্রকোণা সদর থানা এলাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 01:16 AM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ঢাকার খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বাসের ধাক্কায় মতিঝিল থানার এসআই কামরুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার রাত ৮ টার দিকে খিলগাঁওয়ের খলিলের গোস্তের দোকানের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বলাকা পরিবহনের একটি বাস জব্দের পাশাপাশি চালক টিপুকে আটক করার কথা জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, “বাসাবো থেকে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল মতিঝিল থানায় যাওয়ার পথে বলাকা পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হন এসআই কামরুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।”

মতিঝিল থানার এসআই মো. সাদ্দাম বলেন, “এসআই কামরুল ইসলাম ডিউটিতে যোগ দিতে থানায় যাচ্ছিলেন। খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নামার সময় একটি বলাকা বাস ধাক্কা দিলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।”

সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

নিহত এসআই কামরুলের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর থানা এলাকায়। বাসাবো এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি৷