Published : 21 Jul 2026, 05:02 PM
মাপে কারচুপি করে গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী জরিমানার পাশাপাশি ফিলিং স্টেশনটির ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো সিলগালা ও বন্ধ করে দেয়।
বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানকালে তশোফা ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। তাতে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম এবং তিনটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৩০ মিলিলিটার, ২২০ ও ১৯০ মিলিলিটার জ্বালানি কম পাওয়া গেছে।
অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী হাকিম লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের আহসান হাবীব খান (পরীক্ষক, মেট্রোলজি) দায়িত্ব পালন করেন ।
জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলছে বিএসটিআই।