১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2024, 11:27 PM

Updated : 26 Aug 2026, 09:52 AM

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এসময় চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কার কথাও বলা হয়েছে সতর্কতায়।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্কবার্তায়।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারি বর্ষণের সতর্কতা

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার অধিদপ্তরের ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টি অর্থাৎ ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারি অর্থাৎ ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমটিার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবানের কোথাও কোথাও ভূমি ধসের শঙ্কা রয়েছে বলে বার্তায় বলা হয়।