Published : 17 Jul 2026, 09:22 AM
আগামী বছরের মধ্যে বহরে আরো একুশটি উড়োজাহাজ যোগ করার ঘোষণা দিয়েছে বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে দেশি এয়ারলাইন্সটি।
এতে বলা হয়, ইউএস-বাংলা বহরকে আরও সমৃদ্ধ করতে ২০২৭ সালের মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন যোগ করতে যাচ্ছে। এছাড়া চলতি বছর নেপালের কাঠমান্ডুতে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কোম্পানিটি ২০২৭ সালের মধ্যে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কলম্বো, মালয়েশিয়ার জহুরবারু, পেনাং, হংকং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৮ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০৩০ সালের মধ্যে নিউ ইয়র্ক, টরেন্টো এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট পরিচালনার ভাবনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের।
২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে এয়ারলাইন্সটির বহরে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০ মিলে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।
এসব উড়োজাহাজ দিয়ে বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে কোম্পানিটি।
আর আন্তর্জাতিক রুটে বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজু রুটে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ইউএস-বাংলার এমডি মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য আধুনিক এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই।
“ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”