১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে চলাচলে ১৮ মন্ত্রীর পুলিশ প্রহরা প্রত্যাহার

জ্বালানি এবং পুলিশ স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছেন ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 11:45 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মন্ত্রিসভার ২৪ সদস্যের মধ্যে ১৮ জনের রাজধানীতে চলাচলের সময় পুলিশের প্রহরা প্রত্যাহার করা হয়েছে।

তবে রাজধানীর বাইরে কোথাও গেলে তারা যথানিয়মে পুলিশ পা পাবেন। এছাড়া তাদের জন্য গানম্যান, বাসভবনে প্রহরা সুবিধাও বহাল থাকবে।

গেল ২০ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে তথ্য দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা। 

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করা হয়ে তিনি বিষয়টি ‘স্পর্শকাতর’ বলে এড়িয়ে যান।

তবে ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, “জ্বালানি এবং পুলিশ স্বল্পতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা শুধু ঢাকার জন্য। মন্ত্রীরা ঢাকার বাইরে গেলে যথানিয়মে যে নিরাপত্তা পেতেন, সেটা তারা পাবেন।”

বর্তমানে যে ছয়জন মন্ত্রী পুলিশ প্রহরা পাচ্ছেন তারা হলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও এই সুবিধার আওতায় থাকছেন।

এই ছয় মন্ত্রীর নিরাপত্তা প্রহরা প্রত্যাহার না করার বিষয়ে ডিএমপির নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বলেন, “এই মন্ত্রণালয়গুলো তূলনামূলক খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য এই ছয় মন্ত্রীকে তালিকায় রাখা হয়নি।”

মন্ত্রীদের নিরাপত্তা বহর বা ‘এসকর্টের’ আকার কেমন হবে, তা মূলত মন্ত্রিপরিষদ বিভাগের ‘রাষ্ট্রাচার’ (প্রটোকল) নির্দেশিকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মূল্যায়ন এবং সরকারের বিশেষ নীতিমালার ভিত্তিতে নির্ধারিত হয়। নিয়ম অনুযায়ী, একজন মন্ত্রীর নিরাপত্তা বহরে সাধারণত একজন এসআই বা কোনো ক্ষেত্রে এএসআই এবং চারজন কনস্টেবল থাকেন। মোট পাঁচজনের এই দলটি মন্ত্রীর চলাচলের সময় সার্বক্ষণিক থাকে।

ডিএমপির নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বলেন, “মন্ত্রীদের বহরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য একটি গাড়ি থাকে। সে জন্য সরকারি কোষাগার থেকে জ্বালানি দিতে হয়। তাদের দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করানো যায় না। এখন তাদের সরিয়ে নেওয়ার কারণে প্রায় ৯০ জনকে দিয়ে অন্য কাজ করান যাবে।”