Published : 22 Aug 2026, 04:56 PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেলের মূল ফটকে মানববন্ধন থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়ন ও সব হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করার দাবিও তুলে ধরেন তারা।
কর্মসূচিতে ঢামেকের নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুল হক মানিক বলেন, “ডাক্তারদের অ্যাপ্রোন পবিত্র, তারা সেটি পরে সর্বদা সেবা দিতেই কাজ করেন। কিন্তু বর্তমানে নানা কারণে এখন মেডিকেলের মত বড় সেক্টরের সব কিছুর দায় ডাক্তারদের ওপর চাপানো হচ্ছে। কোনো ডাক্তার চায় না, তার রোগী অসুস্থ থাক। তবে এখন ভুল চিকিৎসার ট্যাগিং করে ডাক্তারদের মারধর করা হচ্ছে।”
ঢাকা মেডিকেলের উপাধ্যক্ষ মুসাররাত সুলতানা সুমী বলেন, “ডাক্তারদের এখন রোগীর পাশে থাকার কথা ছিল, কিন্তু আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি। কারণ দেশের বিভিন্ন জায়গায় ভুল চিকিৎসার নামে ডাক্তারদের বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল হচ্ছে, সেটি খুবই দুঃখজনক। পৃথিবীর কোনো দেশের ডাক্তারদের ওপর এবং হাসপাতালে হামলা হয় না। কোনো বিষয়ে ত্রুটি দেখা দিলে সেটার তদন্ত হওয়া উচিত। এটির আগে ভুল চিকিৎসা হওয়া উচিত বলা উচিত নয়।”
গত ১৭ অগাস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান।
তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
হামলার আগে ১১ দিন আগে তার কাছে অপরিচিত নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে এ অধ্যাপক। চাঁদা দিতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার দুদিন পরই তার ওপর আক্রমণ চালানো হয়।
এ ঘটনার বিচার দাবি করে শনিবার মানববন্ধন কর্মসূচিতে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, “হঠাৎ করে একটা মহল ডাক্তারদের বিরুদ্ধে হুমকি, হামলা এবং মারধরের মত কাজ করছে। তাদের একটাই উদ্দেশ্য চিকিৎসার পরিবেশ নষ্ট করা। এতে রোগী এবং দেশের মানুষরা দেশের ডাক্তারের ওপর আস্থা হারিয়ে যাতে পাশের দেশে চলে যায়। আমরা সেটি হতে দেব না।
অবিলম্বে চিকিৎসকদের ওপর নিপীড়নের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক সরকার যখন জনগণের আস্থা ফেরাতে চেষ্টা করছে এবং জবাবদিহি করছে, ঠিক তখই বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের ওপর গুপ্ত হামলা হচ্ছে। যেটা বিগত সময়ে হয়েছে। সেটির ধারাবাহিকতায় দেশের চিকিৎসা সেবায় কৃত্রিম আস্থা সংকট করতে চায়। যাতে দেশের চিকিৎসায় মুখ ফিরিয়ে রোগীরা পাশের দেশে যায়।”
মানববন্ধনে ঢামেকের সার্জারি বিভাগের আরএস রাশেক আলী অভি, গাইনি অধ্যাপক সুমনা রহমান, অধ্যাপক ইন্দ্রজিত ভট্টাচার্যসহ অর্ধশতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।