Published : 12 Mar 2026, 02:00 PM
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে মাইক বিভ্রাটে পড়েন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
একপর্যায়ে জোহরের নামাজের আজান শুরু হলে তিনি ২০ মিনিটের জন্য অধিবেশনে বিরতি ঘোষণা করেন। সে সময় স্পিকারের হাতে একটি হ্যান্ডমাইক দেখা গেছে।
বৃহস্পতিবার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের অধিবেশনে আধঘন্টার জন্য বিরতি ছিল। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ ভবনে তার কার্যালয়ে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান।
পরে বেলা ১২ টা ৫৭ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার আসনে বসেন। এর আগে তিনি অধিবেশন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদ নেতা তারেক রহমানসহ অন্যান্য সব সংসদ সদস্য টেবিল চাপড়েনতুন স্পিকারকে অভিনন্দন জানান।
এরপর পরে দিনের কর্মসূচি শুরু করার আগে স্পিকার নিজের হাতে মাইক অন করলেও তা কাজ করছিল না। এসময়ে সংসদ সচিব কানিজ মওলাসহ অন্যান্য কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন। বারবার মাইকে টোকা দিয়ে দেখা হয়, কিন্তু মাইক কাজ করেনি।
পরে সার্জেন্ট অ্যাট আমর্সের এক সদস্য স্পিকারের কাছে আসেন। পরে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাও চেয়ার ছেড়ে উঠে স্পিকারের সঙ্গে কথা বলেন। এ সময় একটি হ্যান্ডমাইক তার কাছে রাখা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হওয়া ধন্যবাদ জানাতে গিয়ে স্পিকার হাফিজ বলেন, “যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। সেজন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
“আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার মাইক অন না, হ্যান্ডমাইকে কথা বলছি। মূল মাইকটি অকেজো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করি শিগগিরই এই অবস্থার অবসান হবে।”
প্রযুক্তিগত সমস্যা কাটেনি বলে ইঙ্গিত দিয়ে তাকে বলতে শোনা যায়, “এতক্ষণ তো ছিল, সকাল থেকে তো ছিল, এখন...।”
হ্যান্ডমাই ব্যবহার করে হাফিজ উদ্দিন বলেন, “আমাকে নির্বাচিত করায় আমি প্রত্যেক সদস্যদের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। ১৭ বছর পর আমরা একটা কার্য্কর সংসদ পেয়েছি। ....।”
এ সময় স্পিকারের শুরুর বক্তব্য সংসদ সদস্যদের অনেকেই শুনতে পাচ্ছিলেন না। সংসদ নেতাসহ অনেককে হেডফোন দিয়ে কথা শোনার চেষ্টা করতে দেখা যায়।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সাংসদ সদস্য সাইফুল আলম মিলন।
তিনি দাঁড়িয়ে বলেন, “মাননীয় স্পিকার আপনার কোনো কথা শুনছি না।
স্পিকার বলেন, “ধৈর্য্য ধরেন। যাত্রিক ত্রুটি হয়েছে। দুই মিনিটের মধ্যে যাত্রিক ত্রুটি ঠিক হয়েছে যাবে।”
এই সময়ে জোহরের আযান শুরু হলে স্পিকার ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন।