১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মামলায় ট্রান্সকম গ্রুপের ৮ জনের জামিন

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক গ্রুপের আট জনের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা করেন।

তিন মামলায় ট্রান্সকম গ্রুপের ৮ জনের জামিন
ট্রান্সকম গ্রুপের কার্যালয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 03:02 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

হত্যা, অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে তিন মামলায় ট্রান্সকম গ্রুপের ছয় কর্মকর্তা ও দুই কর্মচারীকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। 

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেন এই আদেশ দেন। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, “আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। এরপর তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন বর্ধিত করে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রাখে। এ দিন পূর্ণাঙ্গ জামিন  শুনানি শেষে আদালত তাদের জামিন দেয়।” 

জামিন পাওয়া আসামিরা হলেন, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. মুরাদ হোসেন, পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. মুজাহিদুল ইসলাম, গ্রুপ পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, কর্মকর্তা জাহিদ  হোসেন, গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা সেলিনা সুলতানা, ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) কেএইচ মো. শাহাদত হোসেন এবং গ্রুপের বাবুর্চি মো. রফিক ও গাড়িচালক মিরাজুল। 

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক গ্রুপের আট জনের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা করেন। 

এর আগে গত ২২ মার্চ শাযরেহ তার বড় বোন সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এতে তিনি উল্লেখ করেন, সিমিনসহ বাকি আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করেছেন। 

আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।