Published : 25 Aug 2026, 08:19 PM
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীজুড়ে পুলিশের পাহারা ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহানগরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের দিনটিতে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে বাংলাদেশের মানুষ। এবার ২৬ অগাস্ট এ দিবস পালন করা হবে। সরকারি ছুটিও এদিন।
দিনটি উদযাপনের আগের দিন ডিএমপি বলেছে, রাজধানীতে গোয়েন্দা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ‘কে-নাইন’ ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম চালাবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি করবেন। পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে “
এ ছাড়া আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শোভাযাত্রা ঘিরে স্বাভাবিকের অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট থানার ভ্রাম্যমাণ দল শোভাযাত্রার সামনে ও পেছনে থেকে নিরাপত্তা দেবে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ এলাকায় হাজির থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।