১৬ অগাস্ট শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ, স্বর্ণ পদক পাবেন ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ১৬ থেকে ৩০ অগাস্ট সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হবে।
এ উপলক্ষে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) দেওয়া হবে।
১৬ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে পদক তুলে দেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে।
মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেদিন পদক দেবেন প্রধানমন্ত্রী।
আমিন উর রশিদ বলেন, “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১৬ থেকে ৩০ আগস্ট ২০২৬ সারাদেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হতে যাচ্ছে।”
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
