Published : 10 Feb 2026, 01:24 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ডাক বিভাগের যানবাহনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মূলত পোস্টাল ব্যালট নিরাপদ ও সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সড়ক ও মহাসড়ক বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে জানিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে দেশের ভেতরে এবং দেশের বাইরে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানোর জন্য ডাক অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
“সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বুধবার রাত ১২টা হতে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
“কিন্তু, পোস্টাল ব্যালট পরিবহনের সাথে সম্পৃক্ত ডাক বিভাগের যানবাহনসমূহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আরোপকৃত নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।”
এর আগে ইসি ভোট ঘিরে বুধবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে।
পাশাপাশি ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আনে ইসি।
তবে এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের জন্য শিথিল থাকবে।
এছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহনের জন্য শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।