Published : 06 May 2026, 06:46 PM
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু আনা-নেওয়ার পথে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার সকালে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, রাস্তাঘাটে যারা কোরবানির পশু আনা-নেওয়া করবেন, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না।
“আর ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।”
তার আগে প্রতিমন্ত্রী গাবতলী পশুর হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন রাস্তার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসন, পশুর হাট ও নৌঘাট ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
হাটের সার্বিক নিরাপত্তায় নেওয়া পদক্ষেপের বিষয়ে মীর শাহে আলম বলেন, পশুর হাটগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাব মোতায়েন থাকবে। প্রয়োজনে বিজিবিও নামানো হবে।
এছাড়াও স্বাস্থ্যক্যাম্প, জাল টাকা শনাক্তে ব্যাংকের বুথ এবং পুলিশের ‘ওয়াচ টাওয়ার’ থাকবে, বলেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রেললাইন এবং মহাসড়কের ওপর কিংবা দুই সিটি করপোরেশনের নির্ধারিত হাটের বাইরে যত্রতত্র কোনো পশুর হাট বসানো যাবে না।
মীর শাহে আলম বলেন, গাবতলী-আমিনবাজার এলাকার যানজট কমাতে টার্মিনালে প্রবেশের নতুন যে ‘বাইপাস বা সার্ভিস রোড’ নির্মাণের কাজ চলছে, তা আগামী এক-দুই দিনের মধ্যেই শেষ হবে।
সাধারণ মানুষকে ভোগান্তিতে না রেখে তাদের ঈদযাত্রা ও পশু কেনাবেচা আরামদায়ক করতে সরকারের মন্ত্রী ও প্রশাসন সরাসরি মাঠে থেকে কাজ করছে, বলেন তিনি।
গাবতলী পশুর হাট ও বাসস্ট্যান্ড পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।