Published : 21 Aug 2026, 07:12 PM
সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর রাতে নতুন চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ আয়োজনের খবর এসেছে সংবাদ মাধ্যমে।
যাদের নাম আসছে, তাদের মধ্যে দুজনের সঙ্গে কথা বলতে পেরেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। আর একজনের পিএসের সঙ্গে কথা বলা গেছে।
বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সিরিয়াস বিজি।”
তবে তার একজন সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সাচিং প্রু জেরী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। সন্ধ্যায় তাকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদের যুক্ত হওয়ার বিষয়ে জানতে ফোন করা হলে বাংলাদেশ জাতীয় পাটির চেয়ারম্যান ও ভোলা-১ আসন নির্বাচিত সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ ফোন ধরলেও কথা বলতে চাননি।
তবে তিনিও মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ একজন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের এমপি আবদুল মঈন খানও শপথ নিতে যাচ্ছেন বলে সংবাদমাধ্যমে খবর এসেছে। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি
তবে তার পিএস, নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার এখনও ফোন পেয়েছেন কিনা জানি না। তবে, আমরা আশাবাদী, তিনি থাকবেন।”
শপথ কখন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় তো রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। স্যার তখনই বঙ্গবভনে যাবেন।”
সংবাদমাধ্যমে নাম আসা আরেকজন হলেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। স্থানীয় একজন সাংবাদিককে তিনি বলেছেন, তিনি ‘অপেক্ষা করছেন’।
সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
অধিদপ্তরেরর পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের ছয়টি গাড়ি পাঠাতে বলেছে। আমরা যথাসময়ে পাঠিয়ে দেব।”
শপথ আয়োজনের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বলা হয়েছে, আনুষ্ঠনিকভাবে বিবৃতি দিয়ে সবকিছুই নিশ্চিত করা হবে।