Published : 04 Aug 2026, 07:23 PM
ভারতের সরকারের ‘আইসিসিআর স্কলারশিপ’ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যম হয়ে ওঠার পরামর্শ দিলেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেছেন, “আপনাদের এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে। আমাকে এখানে হাই কমিশনার বা রাষ্ট্রদূত বলা হয়। কিন্তু আপনারা যারা ভারতে যাচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারাও একেকজন রাষ্ট্রদূত হয়ে উঠুন। বাংলাদেশ ও ভারতেরও রাষ্ট্রদূত।”
মঙ্গলবার বিকালে রাজধানীর পার্ক রোডে ভারতীয় হাই কমিশনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে বিপুল স্নেহ ও ভালোবাসা পাওয়ার কথা তুলে ধরে ভারতীয় হাই কমিশনার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কথা দিচ্ছি, আপনারাও ভারতে ঠিক তেমনই সম্মান ও ভালোবাসা পাবেন।”
ভারতের নতুন পরিবেশে কাটানো মুহূর্তের ছবি পরিবারের পাশাপাশি হাই কমিশনের সঙ্গে শেয়ার করারও অনুরোধ করেন দীনেশ ত্রিবেদী।
যেকোনো প্রয়োজনে হাই কমিশন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।