Published : 27 Apr 2026, 01:45 PM
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে উত্তর চব্বিশ পরগনা জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত তিন দিন কার্যত বন্ধ থাকবে।
উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসক ও জেলা নির্বাচনী কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়ার এক আদেশে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে বুধবার বিকালে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে কয়েকটি জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
>> বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের ক্ষেত্রে জরুরি চিকিৎসাজনিত প্রয়োজন থাকলে।
>> পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ভোটার, যারা ২৯ এপ্রিল ভোট দিতে যাবেন, তাদের ক্ষেত্রে।
>> পচনশীল পণ্য বহনকারী যানবাহনের ক্ষেত্রে।
এই নিষেধাজ্ঞার ফলে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি এবং সাধারণ যাত্রী পরিবহন ৩ দিন বন্ধ থাকবে।
পাশাপাশি সোমবার সকাল ৯টা থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দর্শনা-গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও বন্ধ থাকবে। ফলে এই সময়ে বাংলাদেশি ও বিদেশি পাসপোর্টধারীরা এই স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না।
কেবল ওই তিন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভোট চলবে।
ভোটের তিন দিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সীমান্ত সিল করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বসিরহাট ও বনগাঁর পুলিশ সুপার, বারাকপুর ও বিধাননগরের পুলিশ কমিশনার, বিএসএফ এর সংশ্লিষ্ট ব্যাটালিয়ন কমান্ড্যান্টসহ মহকুমা ও ব্লক পর্যায়ের প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের এ আদেশ ‘কঠোরভাবে’ কার্যকর করতে বলা হয়েছে।