১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মনে হয়েছে মাথায় ‘বাজ পড়েছে’: হাদিকে গুলির ঘটনায় সিইসি

ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় শুক্রবার তাকে গুলি করে পালিয়ে যান দুই মোটরসাইকেল আরোহী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ঘটনাটি তার মাথায় ‘বাজ পড়ার’ মতো।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে তিনি হাদির প্রসঙ্গ টেনে এ কথা বলেন।

শুক্রবার ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিতে গুলি করা হয়, গুলিটি তার মাথায় লেগেছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির অবস্থা সংকটাপন্ন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ  ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, “এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে—আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, আর পরের দিনই এমন একটি ঘটনা ঘটল। এটা অত্যন্ত দুঃখজনক।”

তফসিল ঘোষণার পরপরই এ ধরনের সহিংস ঘটনা নির্বাচনকালীন পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে জনমনে। নির্বাচন কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এদিন বিকাল ৪টায় নির্বাচন কমিশন-ইসির সভাকক্ষে বৈঠকে বসেন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ইসি জানায়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর উদ্ভূত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া এবং এমন পরিস্থিতিতে কী ধরনের কার্যক্রম হাতে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতেই এ সভা ডাকা হয়েছে।

সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত আছেন।