Published : 01 Jun 2026, 04:37 PM
দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ লক্ষ্য অর্জনে খামারিদের সরকারি সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতিও এসেছে মন্ত্রীর মুখ থেকে।
সোমবার ঢাকায় বিশ্ব দুগ্ধ দিবসের এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ পরিকল্পনা তুলে ধরেন।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে এ সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, "ভবিষ্যতে বিদেশে রপ্তানির সক্ষমতা অর্জনের লক্ষ্যে দুধ উৎপাদনের পরিধি বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
দুগ্ধ খামারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণকে আশাব্যঞ্জক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। নারীরা শক্তিশালী হলে দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে।
"দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ শুধু প্রশংসনীয়ই নয়, তাদের দক্ষতা উন্নয়নে আরও প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।"
'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ' প্রত্যয় নিয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ তুলে ধরেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান। অধিদপ্তরের পরিচালক বেগম শামছুননাহার আহম্মদ ছিলেন স্বাগত বক্তা।
আলোচনা সভার আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন।
এরপর যোগ দেন শোভাযাত্রায়, যেটি প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।