Published : 26 May 2026, 09:46 PM
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি পশুর হাটের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে বিক্রির জন্য নিয়ে আসা পশু সরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
একই সঙ্গে ডিএমপির উত্তরা বিভাগ হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দিয়েছে।
এসব তথ্য দিয়ে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।
এর আগে সোমবার দিয়াবাড়ি পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে সড়ক থেকে সব পশু সরিয়ে দেয় ডিএনসিসি।
মঙ্গলবার ডিএমপি বলেছে, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে।
“তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় পুলিশ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।”
দিয়াবাড়ির হাট: নির্ধারিত সীমানার বাইরে সড়কে রাখা সব পশু সরিয়ে দিল ডিএনসিসি