পুলিশ আজ যথেষ্ট সম্মানজনক পর্যায়ে: বিদায়বেলায় স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগে কোনো দুর্নীতিও হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে ভেঙে পড়া পুলিশ ব্যবস্থা এখন ‘যথেষ্ট সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে’ বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ।
সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “পুলিশের এ সম্মানজনক অবস্থানকে আরো উন্নীত করতে সচেষ্ট হতে হবে।”
সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচনও প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে বিরল। এসব নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি তা হলফ করে বলতে পারি।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি রোল মডেল হয়ে থাকবে, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পরে তাকে সরিয়ে অবসরপ্রাপ্ত আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্রের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও পান তিনি।
