১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় যানজটে আটকা গাড়িতে ‘ছিনতাই’, ছড়িয়ে পড়েছে ভিডিও

ভিডিওতে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে একজন একটি কারের পেছনের দরজার খোলা গ্লাস দিয়ে ঢুকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 01:27 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের সামনে যানজটে আটকে পড়া গাড়িতে ‘ছিনতাইয়ের’ একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বুধবার রাতের এ ঘটনাটি পেছনের আরেকটি গাড়ি থেকে ভিডিও করা হয়।

যারা ভিডিও করছিলেন, তাদের একজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করার কথা বলছিলেন।

১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, যানজটে গাড়ি আটকে আছে। এসময় ধারালো অস্ত্র হাতে একজন একটি কারের পেছনের দরজার খোলা গ্লাস দিয়ে ঢুকে একটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন।  যাওয়ার সময় পেছনে থাকা আরেক ছিনতাইকারী তাকে দ্রুত সরে পড়ার জন্য সংকেত দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনার সময় হিসেবে রাত ৮টা ৩৫ মিনিটের কথা লেখা রয়েছে।

ওই এলাকাটি পড়েছে ক্যান্টনমেন্ট থানার মধ্যে। ওই থানার ওসি দাউদ হোসেন রাত সাড়ে ১২টার দিকে জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। 

তিনি বলেন, "ইতোমধ্যে পুলিশ এ ঘটনার বিষয়ে কাজ শুরু করেছে।"