০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

৪৯তম বিসিএসের 'বাদ পড়া' ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী

“আমরা অ্যাশিউর করছি, নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয় কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 04:22 PM

Updated : 01 Oct 2026, 05:10 PM

রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি চাকরিতে কারও প্রতি বৈষম্য করা হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা অ্যাশিউর করছি, নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয় কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না। নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপন জারির নির্ধারিত সময় রয়েছে। বাকি ৪৬ জনের জন্য আগামী সোমবার প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে।”

“তার আগে কিছু প্রক্রিয়া আছে। এটা প্রজ্ঞাপনের ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত নথি হতে হয়। আমি সবাইকে ধৈর্য ধারণ করার, অপেক্ষা করার জন্য অনুরোধ করব।”

বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ‘অস্থিরতা তৈরির চেষ্টা’ না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা এ সমস্ত তথ্য বা অপতথ্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বা অপচেষ্টা করছে, তাদের এ সমস্ত পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।”

এর আগে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে ৬৬৫ জনকে নিয়োগের সুপারিশের বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের পর বিভ্রান্তি তৈরি হয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৫ জনকে সুপারিশ করেছিল। তবে তাদের মধ্যে তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি এবং আটজন মেডিকেল পরীক্ষায় উপস্থিত হননি। ফলে প্রজ্ঞাপনের জন্য সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে।

এর মধ্যে ৬১১ জনের প্রজ্ঞাপন হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাকি থাকল ৪৬ জন। কিন্তু কেউ এই প্রশ্ন তোলেন নাই যে, আর প্রজ্ঞাপন হবে কি না।”

বাকি ৪৬ জনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনসহ নিয়োগের আনুষঙ্গিক প্রক্রিয়া চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের বিষয়েও সিদ্ধান্ত হবে।

ভেরিফিকেশন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, এটি সরকারি চাকরিতে নিয়োগের নিয়মিত প্রক্রিয়া এবং সব সরকারের সময়ই বিধি অনুযায়ী তা করা হয়ে থাকে।

“ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে, পুলিশ ভেরিফিকেশন হয়। সেজন্য শতকরা একজন বা হাজারে দুই একজন এরকম সেই অপরাধের কারণে বাদও পড়তে পারে,” বলেন মন্ত্রী।

কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ বা দণ্ডের বিষয় থাকলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নিয়োগে তার প্রভাব পড়তে পারে জানিয়ে তিনি বলেন, এসব প্রক্রিয়া অনুসরণ না করলে পরবর্তীতে সরকারি নিয়োগ প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে।

রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্যের অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন বলেন, “বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্যই আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে এবং রাজনৈতিক পরিচয় যাই হোক, কোনো পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে তার কারণে বৈষম্য করা হবে না।”

প্রজ্ঞাপনে নাম না আসায় এক প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার কথা বলেছেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রজ্ঞাপন একবার হয় না, কয়েকবার প্রজ্ঞাপন হতে পারে। সার্ভিসে যোগদানের তারিখ সম্ভবত ১২ তারিখ। আজকে ১ তারিখ। মাঝে আরও ১১টা দিন আছে।”

ওই প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে নিয়োগ দেওয়া হবে না—এমন ধারণা থেকে তিনি ওই বক্তব্য দিয়ে থাকতে পারেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না।”

গুরুতর কোনো অভিযোগের কারণে ভেরিফিকেশনে কারও নিয়োগ আটকে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে বলেও জানান সালাহউদ্দিন।

তবে এখনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখনো সেই সময়টা আসেনি। এখনই বিশ্ববিদ্যালয়ে এগুলো উত্তেজনা সৃষ্টি করার জন্য এ সমস্ত অপপ্রচার বা অপতথ্য দিয়ে উন্মাদনা সৃষ্টি করার কোনো কারণ নাই।

“আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাই-বোনদেরকে যেন উত্তেজিত না করা হয়।”