২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কাপড়ের রোলের ভেতরে ১৬৫৫ মোবাইল ফোন আমদানি

জব্দ ফোনগুলোর মধ্যে রেডমি ১৪সি মডেলের ৪৫০টি, রেডমি ১৫সি মডেলের ১৫০টি এবং পুরনো আইফোন ও বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি মোবাইল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 09:49 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

কাপড়ের রোলের আড়ালে বিভিন্ন ব্রান্ডের অবৈধ মোবাইল ফোনের একটি চালান দেশে আনার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে তা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, নিট ফেব্রিকস বা পি কভার জি রোল হিসেবে আনা একটি চালান পরীক্ষা করে ১৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। 

এয়ার কার্গো সিস্টেমের রেকর্ড বলছে, পণ্যের প্রকৃতি নিট ফেব্রিকস এবং অন্য একটি নোটে পি কভার জি রোল সিআরটি উল্লেখ থাকলেও বাস্তবে কাপড় বা রোলের মধ্যে কৌশলে ওই মোবাইল ফোনগুলো লুকানো ছিল। 

জব্দ ফোনগুলোর মধ্যে রেডমি ১৪সি মডেলের ৪৫০টি, রেডমি ১৫সি মডেলের ১৫০টি এবং পুরনো আইফোন ও বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি মোবাইল রয়েছে।

এনবিআর বলছে, প্রাপ্ত তথ্য ও এয়ার কার্গো সিস্টেমের রেকর্ড অনুযায়ী, চালানটির আমদানিকারক হিসেব থিয়ানিস অ্যাপারেল লিমিটেডের নাম রয়েছে। পণ্যের প্রকৃতি লেখা হয়েছিল নিট ফেব্রিকস এবং চালানটির মোট ওজন ঘোষণা করা হয়েছিল ৮৯৫ কেজি। চালানটি হংকং থেকে ঢাকা এসেছে।

সিস্টেমের তথ্য বলছে, চালানটি আরএইচ-৬৬৫১ ফ্লাইটে ৩১ অগাস্ট ঢাকায় আসে। 

এদিকে ঘোষিত পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোন আনার ঘটনায় শুল্ক কর ফাঁকি দেওয়া হয়েছে বলে দাবি করেছে এনবিআর। সংস্থাটি বলছে, ফোনগুলোর মডেল, আইএমইআই, নতুন বা ব্যবহৃত অবস্থা, প্রকৃত বাজারমূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নিরূপণের পর ঘটনার আর্থিক ব্যাপ্তি আরও স্পষ্ট হবে। 

প্রাথমিক ধারণায় এসব ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে দাবি এনবিআরের।