১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফটকে পুলিশের বাধা, মিছিল নিয়ে বের হতে পারেননি সুপ্রিম কোর্টের আইনজীবীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস‘ কর্মসূচি পালন করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 04:44 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

মিছিলটি হাই কোর্টের মাজারগেটে গেলে ফটক আটকে দেয় পুলিশ। আইনজীবীরা ফটক অতিক্রম করতে চাইলেও পুলিশের বাধার কারণে পারেননি। পরে গেটের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। 

মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে ছিল ‘মার্চ ফর জাস্টিস‘। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের মঙ্গলবার রাতে অনলাইনে বার্তা আদান-প্রদানের অ্যাপ ‘টেলিগ্রামে‘ এই কর্মসূচি ঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, “সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার ‘মার্চ ফর জাস্টিস‘  কর্মসূচি পালন করা হবে।“ 

ঘোষণায় দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবীসহ সব নাগরিককে তাদের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়।