Published : 14 May 2026, 09:07 PM
‘অসচ্ছল’ শিক্ষার্থীদের সহায়তায় ফের ‘মেধা বিকাশ প্রকল্প’ শুরু করছে ব্র্যাক।
এর আওতায় নতুন করে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৪০০ শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। যেসব শিক্ষার্থীর পারিবারিক আয় ২০ হাজার টাকার কম, তারা এটি পাচ্ছেন।
প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার ও মাসিক ৮ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন।
মঙ্গলবার সাভারের বিসিডিএমে ব্র্যাকের ‘মেধা বিকাশ প্রকল্প’ এর উদ্যোগে নির্বাচিত ৮০ শিক্ষার্থী ও ২০ অ্যালামনাইকে নিয়ে আয়োজন করা হয় মিলনমেলা। সেখানে সমবেত হয়ে তারা শোনান সংগ্রামের কথা।
ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান বলেন, শুরুতে তারা ১৫০ জনকে বৃত্তি দিয়েছিলেন। পরে ৪০০ জনকে দেওয়া হয়। এই সংখ্যা তারা ১২০০ জনের কাছাকাছি নিতে চান।
“তরুণদের মেধা, পরিশ্রম ও ত্যাগ অবাক করার মতো। আপনাদের সংগ্রাম এবং ইতিবাচক মানসিকতা প্রশংসনীয়। আমরা আশা করি, এই মেধাবিকাশ সংযোগের মাধ্যমে আপনারা পরস্পরকে সহযোগিতা করবেন। ব্র্যাক পরিবার আপনাদের স্বপ্নপূরণে আরও নিবিড়ভাবে কাজ করবে।”
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “যে সুযোগ নিয়ে জন্মায়, তার পথ মসৃণ। আর যে বঞ্চিত, তার পথে বাধা প্রতিটি পদে। ব্র্যাক সেই বাধার মুখে দাঁড়িয়ে মানুষের হাতে হাতিয়ার তুলে দেয়, শুধু টিকে থাকার জন্য নয়, নিজের শর্তে এগিয়ে যাওয়ার জন্য।”
২০০৫ থেকে ২০২০ সাল পর্যন্ত মেধা বিকাশ প্রকল্পের উদ্যোগে ৩ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী বৃত্তি সহায়তা পেয়েছেন। মাঝে কিছুদিন এটি বন্ধ ছিল। চলতি বছর থেকে বৃত্তি দেওয়া আবার শুরু হয়েছে।