ডাকসু নির্বাচন: মনোনয়ন ফরম নিলেন আরও ১৮ জন
এখন পর্যন্ত ভিপি পদের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন ১৪ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের পঞ্চম দিনে ১৮ জন ফরম নিয়েছেন।
এর মধ্যে ভিপি পদে চারজন, সম্পাদক পদে তিনজন এবং সদস্য পদে ১১ জন ফরম সংগ্রহ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬১ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুজন, সম্পাদক পদে ২১ জন এবং সদস্য পদে ২৩ জন। মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ জন।
এ ছাড়া ডাকসুর বিভিন্ন পদে এখন পর্যন্ত ছয়জন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন বলেও জানান তিনি। তাদের মধ্যে ভিপি পদে একজন, সহসাধারণ সম্পাদক পদে একজন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে একজন, গবেষণা ও প্রকাশনা পদে একজন এবং দুজন সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
