Published : 04 Jun 2026, 09:32 PM
আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ‘মোট দেশজ উৎপাদন-জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে’ তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার ‘শুভঙ্করের ফাঁকি নেই’।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ চাওয়া হয়েছিল।
“সেই জায়গায় আমরা এ বছর ২ শতাংশ পর্যন্ত পেয়েছি৷”
প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেবে ১১ জুন।
আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী আগামীতে শিক্ষাখাতের মোট বরাদ্দ জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।
শিক্ষাখাতে বরাদ্দের পুরোটাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা খাতে ব্যয় হবে বলে তুলে ধরেন তিনি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দ একসঙ্গে ঘোষণা করা হয়েছিল বলে তুলে ধরেন মন্ত্রী।
এ অর্থবছরে শুধু শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৫৩ শতাংশ। আর শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৭৭ শতাংশ।
তার আগের ২০২৪-২৫ অর্থবছরে শুধু শিক্ষাখাতে জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল।
শিক্ষামন্ত্রী বলেন, “এবার শুভঙ্করের ফাঁকি নেই। গতবার শুভঙ্করের ফাঁকি ছিল; আইসিটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব অন্তর্ভুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতের বাজেট ঘোষণা করা হয়েছিল।”
আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষাখাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়। কিন্তু বাংলাদেশের শিক্ষাখাত জাতীয় বাজেটে এ পরিমানে বরাদ্দ পায় না।
১৯৯১ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী খালেদ জিয়া অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা বাবদ টাকা দেওয়ার প্রচলন করলেও ২০২২ সালের পর থেকে তা বন্ধ আছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি অভিযোগ করেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট থেকে বিগত সময়ে ‘কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে’।
আংশিক হলেও আগামী একমাসের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ শুরু হবে বলে আশা প্রকাশ করেন এহছানুল হক মিলন।