১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বেড়িবাঁধে বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ নদীতে পড়ে একজনের মৃত্যু

মিরপুরের এ ঘটনায় আরেকজনকে স্থানীয়রা আটক করলে পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে রাখা একটি বাসে ‘আগুন দিয়ে পালানোর সময়’ স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হওয়ার কথা বলছে পুলিশ।

এ ঘটনায় আরেকজনকে ধরে ফেলে পুলিশে দিয়েছেন স্থানীয়রা বলে জানান শাহ আলী থানার এসআই আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে ‘পার্ক করে’ রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে।

তবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি শাহ আলী থানা পুলিশ।

এ থানার এসআই আনোয়ার বলেন, বাসে আগুন লাগিয়ে পালানোর সময় জনগণের ধাওয়ায় একজন তুরাগ নদীতে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় স্থানীয়দের হাতে রুদ্র মুহাম্মদ (২০) নামে আরেকজন আটক হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, বাসটিতে আগুন লাগানোর সময় স্থানীয়রা দুজনকে ধাওয়া দেয়। এ সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে, আরেকজন তুরাগ নদে ঝাঁপ দেয়। পরে তাকে পানি থেকে নিথর অবস্থায় তোলা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, বাঁধের ওপরে দাঁড় করিয়ে রাখা গাড়িটির জানালার কাচ ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে গাড়ির ভেতরের সম্পূর্ণ আসন পুড়ে যায়।

পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পানিতে ডুবে নিহত মারা যাওয়া ব্যক্তির পরিচয় দেওয়া হয়; তার নাম সাইয়াফ (১৮)। তিনি নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী। আর গ্রেপ্তার সানি ইংরেজি মিডিয়াম স্কুল একাডেমিয়ার শিক্ষার্থী।